গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা সাত মাসের বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজেন্দ্রপুর চৌরাস্তায় দুই শতাধিক শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ওই মহাসড়কের এক পাশে বিক্ষোভ করায় যান চলাচল স্বাভাবিক ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর শিল্প পুলিশের আশ^াসে বিক্ষোভকারী শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গত সাত মাস ধরে বকেয়া বেতনসহ প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিটের টাকা দিচ্ছে না কর্তৃপক্ষ। বেতন না পাওয়ায় মানবেতর জীবন পার করতে হচ্ছে শ্রমিকদের। একাধিকবার মালিকপক্ষ প্রতিশ্রুতি দিয়েও বেতন পরিশোধ করেনি।

এ সময় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, ‘এক বছর আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড শ্রমিকদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, প্রভিডেন্ট ফান্ডের টাকা, নারী শ্রমিকদের প্রসূতিকালীন সময়ের টাকা এখনো পরিশোধ করেনি মালিকপক্ষ। শ্রমিকদের পাওনা পরিশোধে সরকার ইতিমধ্যে মালিককে সুদমুক্ত ১৩ কোটি টাকা ঋণ দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, ঋণ পাওয়ার এক মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত সব শ্রমিক ও স্টাফের পাওনা পরিশোধ করেননি মালিক। ফলে অসন্তোষ তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত ২২ নভেম্বর কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। বন্ধ হওয়ার দিন পর্যন্ত কারখানাটিতে প্রায় আট হাজার শ্রমিক-কর্মচারী কাজ করতেন। কয়েক মাসের বেতন এবং বন্ধকালের আইনানুগ পাওনাদি পরিশোধসংক্রান্ত বিষয়ে গত ২৮ নভেম্বর শ্রম আইনের সুবিধা থেকে কমিয়ে এনে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি সই হয়। ওই চুক্তি অনুযায়ী সরকার থেকে পাওনা ঋণের ১৩ কোটি টাকা পরিশোধ করার কথা রয়েছে। এরপরও ১৪ কোটি টাকা পাওনা থাকবেন শ্রমিকরা।’