সংসদে সংরক্ষিত নারী আসন চান না চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, পিআর সিস্টেমে (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে। তার ভাষ্য, কোটাবিরোধী আন্দোলনের পর এখন আর সংরক্ষিত আসনে নারী এমপির প্রয়োজন নেই। প্রয়োজনে নারীরা সরাসরি নির্বাচন করে সংসদে আসবেন।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘মায়ের কোল খালি হওয়ার রাজনীতি বাংলার মানুষ চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন, বিদেশে বেগমপাড়া তৈরি করবেন, বাংলার ছাত্রজনতা দেখতে চায় না। এই পরিবর্তন আমাদেরই করতে হবে। এই পরিবর্তনের জন্য যদি আবার রক্তের প্রয়োজন হয়, আমরা রক্ত দেব। সুন্দর দেশ গড়ার জন্য আবার জীবন দেব।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, ‘আপনারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। আপনারা হলেন গণ-অভ্যুত্থানের সরকার। আপনাদের কার্যক্রমগুলো অনেকাংশে প্রশ্নবিদ্ধ। আপনাদের দুর্বলতা কোথায়?’

বিএনপিকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, ‘যারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। পিআর নির্বাচন পছন্দ করছে না। আমি বলব, এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। আপনারা তো মনে করেন, আপনারা অনেক তালগাছ হয়েছেন। আসলে আপনাদের পায়ের নিচে মাটি নেই। মাটি সরে গেছে।