সোহরাওয়ার্দী উদ্যানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজধানী থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. রনি (২৯), মো. হুমায়ুন কবির (২৫) ও মো. আনোয়ার (৪০)। এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার চাকু ও একটি স্টিলের চাকু জব্দ করা হয়। গত বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রবেশ গেটের উত্তর পাশ থেকে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গতকাল শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানান।

ডিসি বলেন, গত বৃহস্পতিবার রাতে শাহবাগ থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে শিখা চিরন্তন প্রবেশ গেটের উত্তর পাশ থেকে অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।

তিনি বলেন, আটকরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। সোহরাওয়ার্দী উদ্যানের ওই এলাকায় তারা ডাকাতির উদ্দেশে একত্র হয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।