‘চোরাই পণ্য’ মেপে না দেওয়ায় ৪ জনকে কুপিয়ে জখম!

মুদি দোকানের পাল্লায় ‘মালপত্র’ না মাপার জের ধরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে চারজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে তিনজন আপন ভাই, অন্যজন তাদের ভাগ্নে। আহতদের একজন সাংবাদিকদের জানিয়েছেন, গতকাল শুক্রবার সন্ধ্যার কিছু সময় পর তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাতে জেলার টঙ্গীবাড়ি উপজেলার দীপাড়া গ্রাম থেকে আহত অবস্থায় মুদি দোকানি আলমগীর মোল্লা (৪৫), সালাম মোল্লা (৪২) ও রাজন মোল্লা (৩০) এবং রেদোয়ান শেখকে (১৮) হাসপাতালে আনা হয়। আলমগীর মোল্লাকে জরুরি চিকিৎসা সেবা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

আহত সালাম মোল্লা জানান, তার ভাই আলমগীরের মুদি দোকানের পাল্লায় মাপামাপি করতে কিছু ‘মালপত্র’ নিয়ে আসেন দীপাড়া গ্রামের বাদল দেওয়ানের ছেলে রিংকু দেওয়ান। কিন্তু ‘চোরই পণ্য’ সন্দেহে আলমগীর তা মেপে দিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে রিংকু ও তার দলের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আলমগীরের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গিয়ে বাকিরাও আহত হয়েছে।

টঙ্গীবাড়ি থানার ওসি মহিদুল ইসলাম বলেন, শুনেছি কয়েকজন আহত হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা করছে।