এনসিটিবির সামনে দুপক্ষের সংঘর্ষ

৩০০ জনকে আসামি করে ‘পাহাড়ি ছাত্র জনতা’র মামলা

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় আটক দুজনসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মতিঝিল থানায় পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা বাদী হয়ে মামলাটি করেন। মামলা নম্বর ১২।

গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, বৃহস্পতিবার এনসিটিবির সামনে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এখানে আটক দুজনসহ ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৩০০ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত চলমান।  

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, গত বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শান্তিপূর্ণভাবে একটি মিছিল মতিঝিলে এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) ভবনের সামনে যায়। সেখানে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকে ওৎপেতে থাকা ও পূর্বপরিকল্পিতভাবে ‘স্টুডেন্ট ফর সভারেন্টির’ ব্যানারে মৌলবাদী গোষ্ঠী আমাদের ওপর  অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১৫ জন গুরুতর আহত হয়েছে।