ফ্যানের সঙ্গে ঝুলছিল ইডেন কলেজ শিক্ষার্থীর লাশ

রাজধানীর হাজারীবাগে একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুষ্পিতা বিশ্বাস (২১) নামের ওই ছাত্রী লায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা তাদের।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জব্বার জানান, রাতে খবর পেয়ে ওই হোস্টেলে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি জানান, পুষ্পিতা ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। ওই হোস্টেলটিতে ১৬ জন মিলে থাকতেন। রাতে সবার অগোচরে গলায় ফাঁস দিয়েছেন তিনি। তবে আত্মহত্যার কোন কারণ তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে স্বজনারা জানান, পুষ্পিতা বিশ্বাসের বাড়ি জামালপুরের সদর উপজেলার বসাক পাড়া গ্রামে। তার বাবার নাম রঞ্জিত বিশ্বাস।