ফেদেরারের কীর্তি গড়লেন ৩৮ বছরের ‘বৃুড়ো’ মনফিলস

৩৮ বছরের বুড়ো গয়েল মনফিলস পদাঙ্ক অনুসরণ করেছেন কিংবদন্তি রজার ফেদেরারের। চতুর্থ বাছাই টেইলর ফ্রিটজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড অর্থাৎ শেষ ষোলোয় উঠেছেন তিনি। এই বয়সে এমন কীর্তি গড়তে পেরেছিলেন কেবল ফেদেরারই।

এবারের মৌসুমে অকল্যান্ড ওপেনের শিরোপা জিতে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নামেন ফ্রান্সের মনফিলস। ১৯৯০ সালের পর সবচেয়ে বয়সী খেলোয়াড় হিসেবে হার্ড কোর্টটির শিরোপা জেতার কীর্তি গড়েন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে তাকে নিয়ে বড় একটা আশা করা হয়নি। সে জন্যই হয়তো হারানো কিছু ছিল না মনফিলসের। মার্গারেট কোর্ট অ্যারেনায় মনফিলস কতটা অপ্রতিরোধ্য ছিল তা ফুটে উঠেছে ফ্রিটজের ভাষায়, ‘তাকে ভোগানো সত্যিই দুরহ ছিল। সবকিছুই ফিরিয়ে দিচ্ছিলেন তিনি। মনে হচ্ছিল আমার শটে কোনো শক্তিই ছিল না। তিনি দারুণ খেলেছেন, সত্যিই দারুণ।’

ম্যাচে ২৪টি এইস সার্ভ করেন মনফিলস।  প্রথম সেট ৩-৬ গেমে হারার পরের ৩ সেট মনফিলস জেতেন ৭-৫, ৭(৭)-৬(১) ও ৬-৪ ব্যবধানে। শেষ ষোলোতেও মনফিলসের সামনে বাধা যুক্তরাষ্ট্রের আরেকজন, ২১তম বাছাই বেন শেলটন।