ডেঙ্গু কেড়ে নিল শিবির নেতার প্রাণ

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাফেজ ইখতিয়ার উদ্দিন (২০) নামের এক শিবির নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৯টায় কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

হাফেজ ইখতিয়ার উদ্দিন জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে বাসিন্দা।

জানা যায়, ইখতিয়ার উদ্দিন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার ফাজিল (ডিগ্রি) প্রথম বর্ষের শিক্ষার্থী এবং দৈয়রা নুরানি হাফেজি ইবতেদায়ি মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হন। তিনি চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার ছাত্রশিবিরের অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

এ বিষয়ে নিহতের বড় ভাই বোরহান মজুমদার বলেন, ‘আমার ভাই তিন-চার দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। আজকে তিনি আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গেলেন।’

এ বিষয়ে সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. মাহাবুবুল ইসলাম মজুমদার বলেন, ‘ইখতিয়ার ডেঙ্গু আক্রান্ত ছিলেন। আজ শনিবার সকালে চিকিৎসাধীন তিনি মারা যান।’