বান্দরবানের আলীকদমে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল ৩ আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার চৈক্ষ্যং ইউপির তারাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- আলীকদম সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাছির চেয়ারম্যান পাড়ার মাশুক আহমদের ছেলে বেলাল (৩০), একই এলাকার সৈয়দ আমিন (৪২) ও বাজার পাড়ার মিন্টু সৈয়দ আকবরের ছেলে মিনহাজ (১৮)।
স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেল ৩ জন আরোহী নিয়ে আলীকদমের দিকে যাচ্ছিল। তারা তারাবনিয়ায় এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে আলীকদম থানায় নিয়ে যায়।
ওসি মীর্জা জহির উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, ‘৩ জনের লাশ উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘাতক একটি ট্রাক ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।’