সামছুল হুদার প্রথম সিনেমা ‘গোলাপ’, নায়ক কে?

এক দশকের ক্যারিয়ারে অসংখ্য মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামছুল হুদা। এর পাশাপাশি নির্মাণ করেছেন নাটকও। অবশেষে তিনি ঘোষণা দিয়েছেন তার প্রথম সিনেমার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অ্যানাউন্সমেন্ট পোস্টার শেয়ার করেছেন তিনি। যা থেকে জানা গেছে সিনেমার নাম ‘গোলাপ’। এর ক্যাপশনে লেখা রয়েছে, ‘লোকে কি ভাবে সেটা মুখ্য না, গোলাপ যেটা বলবে সেটাই চেতনা!’। এর গল্প, সংলাপ, চিত্রনাট্য করেছেন অনিক বিশ্বাস। 

পরিচালক বললেন, ‘আমার ক্যারিয়ার তো মডেলিং দিয়ে শুরু। এরপর একটা সময় প্যাশন থেকে পরিচালনায় আসি। মিউজিক ভিডিও নির্মাণ করি যেগুলো থেকে অসংখ্য ভালোবাসা পেয়েছি। এরপর নাটকও নির্মাণ করেছি। সিনেমা বানানোর স্বপ্ন ছিল অবশেষে সেটাও পূরণ হতে যাচ্ছে। একদম পরিপক্ক হয়ে তবেই সিনেমার জন্য নেমেছি।’

সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনই সিনেমাটি সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, সাসপেন্স থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি।’

সিনেমার নাম ঘোষণা করলেও ছবিতে কারা অভিনয় করছেন সেটি চমক হিসেবেই রাখতে চাইছেন আপাতত। আগামীকাল ফার্স্ট লুক প্রকাশের মধ্য দিয়ে ছবির নায়ককে সামনে নিয়ে আসবেন বলে জানান তিনি। 

জানা গেছে, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা, সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। এরপর আসছে ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক।