শেষ ষোলোতে সোয়ানতেকের সামনে 'লাকি লুজার' ইভা লিস

ইউক্রেনে জন্ম নেওয়া ২৩ বছরের জার্মান তরুণী ইভা লিস বিশ্ব র‌্যাংকিংয়ের ১২৮তম বাছাই। কোয়ালিফায়ারে হেরে যাওয়ার পরও ‘লাকি লুজার’ লিস সুযোগ পেয়ে যান অস্ট্রেলিয়ান ওপেনের মূল পর্বে খেলার। নারী এককের তৃতীয় রাউন্ডে শনিবার রোমানিয়ার জ্যাকলিন ক্রিস্টিয়ানকে। আর তাতেই তিনি গড়েছেন অনন্য কীর্তি। মেলবোর্ন পার্কে ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার পর প্রথম ‘লাকি লুজার’ হিসেবে নাম লিখিয়েছেন শেষ ষোলোতে।

শনিবার ক্রিস্টিয়ানের কাছে প্রথম সেটে ৪-৬ গেমে হেরে যান লিস। পরের দুই সেটে ঘুরে দাঁড়ান ঠিকই। দুটি সেটই জেতেন ৬-৩ ব্যবধানে। এ জয়ের পর পরাবাস্তব অনুভুতিবোধ হয়েছে লিসের। বলেছেন, ‘আমার কাছে এটি কোনোভাবেই বাস্তব মনে হচ্ছে না। নিশ্চিতভাবেই এটি আমার জন্য চমৎকার একটি পরিস্থিতি। বিশেষ করে আমি যেহেতু লাকি লুজার হিসেবে এখানে এসেছি।’

তবে শেষ ষোলোয় লিসের সামনে অগ্নি পরীক্ষা অপেক্ষা করছে। ব্রিটিশ তারকা এমা রাদুকানুকে উড়িয়ে দিয়ে লিসের প্রতিপক্ষ হয়েছেন বিশ্বের দ্বিতীয় বাছাই ইগা সোয়ানতেক। ৬-১ ও ৬-০ ব্যবধানে জেতেন ৫টি গ্র্যান্ড স্লামজয়ী এ পোলিশ তারকা।