ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন ক্লাব নাপোলিতে যিনি ভক্তদের কাছে হয়ে উঠেছিলেন 'নতুন ম্যারাডোনা', সেই খিচা কাভারাস্কেইয়া এবার যোগ দিলেন মেসির প্রাক্তন ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি)। শুক্রবার ফরাসি লিগ চ্যাম্পিয়নরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই জর্জিয়ান উইঙ্গারের দলবদল।
২৩ বছর বয়সী কাভারাস্কেইয়া পিএসজিতে যোগ দিয়েছেন ৭০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি-তে, যা বোনাস যোগ হলে আরও বাড়তে পারে। লিগ ওয়ানের জায়ান্টদের সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি করেছেন তিনি। পিএসজির ইতিহাসে প্রথম জর্জিয়ান খেলোয়াড় হিসেবে নিজের নামও লিখিয়েছেন তিনি।
দুই দিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নাপোলি সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন বিদায় বার্তা দেন কাভারাস্কেইয়া। সেখানে তিনি বলেছিলেন, 'আমার জন্য এটি কঠিন, কিন্তু বিদায় বলার সময় এসেছে।'
পিএসজিতে যোগ দেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, 'পিএসজির জার্সি পরা আমার জন্য সম্মানের। এটি ছিল আমার স্বপ্ন। আমি খুবই গর্বিত। এখন আমাদের স্বপ্নগুলো পূরণ করতে একসঙ্গে লড়তে হবে।'
২০২২ সালে মাত্র ১০ মিলিয়ন ইউরোতে নাপোলিতে যোগ দিয়েছিলেন কাভারাস্কেইয়া। দিনামো বাটুমি থেকে আসা এই উইঙ্গার খুব দ্রুতই সবার নজর কেড়েছিলেন। ২০২৩ সালে নাপোলিকে সিরি আ শিরোপা এনে দেওয়ার পথে দুর্দান্ত পারফর্ম করে সেবার সেরি আ-এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি।
নাপোলির হয়ে ১০৭ ম্যাচে ৩০ গোল এবং ২৯টি অ্যাসিস্ট করা কাভারাস্কেইয়া এখন পিএসজির আক্রমণভাগে নতুন তারকা। কোচ লুইস এনরিকের পরিকল্পনায় তাকে ব্র্যাডলি বারকোলার জায়গায় লেফট উইংয়ে খেলানো হতে পারে।
আগামী শনিবার লেন্সের বিপক্ষে পিএসজির হয়ে কাভারাস্কেইয়ার অভিষেক হতে পারে। তবে জানুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের বাকি ম্যাচগুলোতে তাকে দেখা যাবে না। পিএসজি যদি নকআউট পর্বে উঠতে পারে, তবেই ফেব্রুয়ারিতে এই ইউরোপিয়ান আসরে মাঠে নামার সুযোগ পাবেন তিনি।
কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে চলে যাওয়া এবং মেসির বিদায়ের পর পিএসজির আক্রমণভাগে তৈরি হওয়া শূন্যতা পূরণে কাভারাস্কেইয়ার যোগদানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ক্লাবটি।
ক্লাবের প্রকল্প নিয়ে আশাবাদী কাভারাস্কেইয়া বলেন, 'পিএসজির লক্ষ্য এবং তাদের খেলোয়াড়দের সঙ্গে কাজ করার পদ্ধতি আমাকে মুগ্ধ করেছে। এখানে অনেক মহান খেলোয়াড় খেলেছেন। তাই প্যারিসে যোগ দেওয়ার সুযোগ পেয়ে এক মুহূর্তও দ্বিধা করিনি।'
নতুন এই তারকা দিয়ে কতটা আলো ছড়াতে পারে পিএসজি, তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।