একই দিনে ৪র্থ বাছাইদের হারিয়ে ৪র্থ রাউন্ডে স্বামী-স্ত্রী

২০২১ সালে ছাদনাতলায় বসেছিলেন টেনিস বিশ্বের দুই তারকা গয়েল মনফিলস ও এলিনা ভিতোলিনা। আজ অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে এ স্বামী-স্ত্রী দারুণ কাণ্ড ঘটিয়েছেন। চতুর্থ রাউন্ডে ওঠার ম্যাচে দুজনই হারিয়েছেন নিজ নিজ বিভাগে বিশ্বের চতুর্থ বাছাই তারকাকে। মনফিলসের কাছে হেরেছেন যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ আর ভিতোলিনা হারিয়েছেন ইতালির জেসমিন পাওলিনিকে। দুজনেই নেমেছিলেন মার্গারেট কোর্ট অ্যারেনায়। এমনকি প্রথম সেট হেরে নিজ নিজ খেলায় পিছিয়েও পড়েছিলেন। পরে ঘুরে দাঁড়িয়ে দুজনেই নিশ্চিত করেছেন আসরের চতুর্থ রাউন্ড।

২০২০ আসরে ৩৮ বছর বয়সে সেমিফাইনাল খেলেছিলেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। সেটিই ছিল তার অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আসর। সেই কীর্তিতে ভাগ বসান ফ্রান্সের মনফিলস। এবারের মৌসুমে অকল্যান্ড ওপেনের শিরোপা জিতে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নামেন। ১৯৯০ সালের পর সবচেয়ে বয়সী খেলোয়াড় হিসেবে হার্ড কোর্টটির শিরোপা জেতার কীর্তি গড়েন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে তাকে নিয়ে বড় একটা আশা করা হয়নি। সে জন্যই হয়তো হারানো কিছু ছিল না মনফিলসের। মার্গারেট কোর্ট অ্যারেনায় মনফিলস কতটা অপ্রতিরোধ্য ছিল তা ফুটে উঠেছে ফ্রিটজের ভাষায়, ‘তাকে ভোগানো সত্যিই দুরহ ছিল। সবকিছুই ফিরিয়ে দিচ্ছিলেন তিনি। মনে হচ্ছিল আমার শটে কোনো শক্তিই ছিল না। তিনি দারুণ খেলেছেন, সত্যিই দারুণ।’

ম্যাচে ২৪টি এইস সার্ভ করেন মনফিলস।  প্রথম সেট ৩-৬ গেমে হারার পরের ৩ সেট মনফিলস জেতেন ৭-৫, ৭(৭)-৬(১) ও ৬-৪ ব্যবধানে। শেষ ষোলোতেও মনফিলসের সামনে বাধা যুক্তরাষ্ট্রের আরেকজন, ২১তম বাছাই বেন শেলটন। মনফিলসের স্ত্রী ভিতোলিনা অস্ট্রেলিয়ান ওপেন খেলছেন বিশ্বের ২৮তম বাছাই হিসেবে। দুবারের এ গ্র্যান্ড স্ল্যাম ফাইনালিস্ট পাওলিনি ইউক্রেনের ভিতোলিনার কাছে হেরেছেন ৬-২, ৪-৬ ও ০-৬ গেমের ব্যবধানে। স্বামী-স্ত্রীর এমন কাকতালীয় জয়ের পর ভিতোলিনা বলেন, ‘পাগলাটে লড়াই ছিল এটি। আমার স্বামীর জয়ে অনুপ্রাণিত হয়েছি আমি। আমি সেই ম্যাচের কিছুটা দেখেছি, (দেখার) সুযোগটা হাতছাড়া করাটা কঠিন ছিল।’