গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে টিকিট কাউন্টার স্থাপনের পরিকল্পনা 

রাজধানীতে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা ও ঢাকা মহানগরীর যানজট নিরসনে টিকিট কাউন্টার স্থাপনের পরিকল্পনা করছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে ৮ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে মিরপুর অঞ্চলের পরিবহনের মালিক, চালক ও চালকের সহকারীদের সঙ্গে সচেতনতামূলক আলোচনা সভায় এই পরিকল্পনা জানান সংগঠনটির নেতারা।

সভায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, যুগের পর যুগ ঢাকার গণপরিবহন বিশৃংখল পরিস্থিতিতে চলছে। আমরা এই নৈরাজ্যের পরিবর্তন চাই। এ জন্য ঢাকার গণপরিবহন আধুনিকায়নে ভবিষ্যৎ পরিকল্পনা করব। যে পরিকল্পনা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সড়কে যত্রতত্র পার্কিং করার দায়ে পুলিশ গণপরিবহনের বিরুদ্ধে মামলা দেয়। কিন্তু শহরে বাস রাখার জন্য পর্যাপ্ত জায়গা নেই। যাত্রী ওঠানামা করার জন্য পর্যাপ্ত স্ট্যান্ড নেই। আমরা চাই গাড়ি স্ট্যান্ড করার জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকবে এবং সেই জায়গাটিতে গাড়ি থামবে এবং সে জায়গাগুলো পুলিশ এবং আমাদের লোকজন দেখাশোনা করবে। 

কাউন্টার সিস্টেম না থাকায় যত্রতত্র যাত্রী গণপরিবহনে ওঠানামা করায় নগরে যানজট সৃষ্টি হয় জানিয়ে তিনি আরও বলেন, কাউন্টার সিস্টেম থাকলে একটা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী ওঠানামা করতে পারবেন। ফলে যত্রতত্র যাত্রী ওঠানামা এবং গাড়ি পার্কিং বন্ধ হবে। আর সড়কের ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। এর নিয়মগুলো মানলে আমাদের গণপরিবহনের শৃঙ্খলা আসবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আবু সুফিয়ান বলেন, পরিবহণে শৃঙ্খলা ফেরাতে এমন সচেতনতামূলক আলোচনা সভা জরুরি ভূমিকা রাখতে পারে। কেননা সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে চালকদের মধ্যে আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। এই ধরণের সভা তাদের সচেতন করার ক্ষেত্রে ভূমিকা রাখে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনের সভাপতিত্ব ও সংগঠনটির দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদের সঞ্চালনায় সচেতনতামূলক সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের (মিরপুর ও মোহাম্মদপুর) উপ-পুলিশ কমিশনার (ডিসি)  রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।