দশ বছর পর রঞ্জিতে ফিরছেন রোহিত

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা দীর্ঘ ১০ বছর পর আবার রঞ্জি ট্রফিতে ফিরছেন। মুম্বাইয়ের হয়ে আগামী ২৩ জানুয়ারি জম্মু-কাশ্মীরের বিপক্ষে মাঠে নামবেন তিনি। মুম্বাইয়ের অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে খেলতে নামবেন রোহিত।

রঞ্জি ট্রফিতে অংশ নেওয়ার খবর নিশ্চিত করেছেন রোহিত নিজেই। শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় তিনি জানান, মুম্বাইয়ের পরবর্তী রঞ্জি ম্যাচে তিনি মাঠে নামবেন। ২০১৫ সালের পর এটি হবে তার প্রথম রঞ্জি ট্রফি ম্যাচ।

সম্প্রতি ফর্মের জন্য লড়াই করছেন রোহিত। টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া ভারতীয় অধিনায়ক ব্যাটে রানের খোঁজে প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে শুরু করে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজেও তার পারফরম্যান্স ছিল আশানুরূপ নয়।

শেষ ১৫টি টেস্ট ইনিংসের মধ্যে ১০টিতে রোহিত দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫২ রান করলেও বাকি ইনিংসগুলোতে তিনি ব্যর্থ ছিলেন। এমনকি, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রান না পাওয়ার হতাশায়। তবে অবসর নিয়ে গুঞ্জনের জবাবে রোহিত স্পষ্ট জানিয়ে দেন, সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ালেও তার অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

রঞ্জি ট্রফিতে লাল বলের ক্রিকেট খেলা আসন্ন ইংল্যান্ড সিরিজ বা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নের জবাবে রোহিত বলেন, 'আমরা যারা তিন ধরনের ক্রিকেট খেলি, তাদের মানিয়ে নিতে অভ্যাস রয়েছে। লাল বল বা সাদা বল নিয়ে খেলতে কোনো সমস্যা হয় না। অনেক বছর ধরে এভাবেই খেলছি। পরিবেশ বা পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়া আমাদের রুটিনের অংশ।'

রোহিত শর্মার এই সিদ্ধান্ত তার ফর্মে ফেরার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ বিরতির পর রঞ্জি ট্রফিতে তার পারফরম্যান্স মুম্বাই দল এবং ভারতীয় ক্রিকেটের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।