তিতুমীর কলেজে নারীসহ সাংবাদিক হেনস্তায় বিভিন্ন সংগঠনের নিন্দা 

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে ঢুকে নারীসহ সাংবাদিক হেনস্তার ঘঠনা ঘটেছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও কলেজের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক  সংগঠন।

বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলদের স্বাক্ষরে নিন্দা বিজ্ঞপ্তিতে সংগঠনগুলো জানান, সাংবাদিক সমিতির কার্যালয়ে ঢুকে সাংবাদিক হেনস্তার মতো ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশের সঙ্গে সম্পূর্ণভাবে অসামঞ্জস্যপূর্ণ। এটি শুধু সাংবাদিকতার পেশাগত মানহানি নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর আঘাত। একইসাথে সংগঠনগুলো গণমাধ্যমকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানায়।

এই ঘটনায় নিন্দা জানানো সংগঠনগুলো হলো— ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি, বাঙলা কলেজ সাংবাদিক সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি, তিতুমীর কলেজ রিসার্চ ক্লাব, তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কলেজ আইটি সোসাইটি, তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব, তিতুমীর ঐক্য, তিতুমীর কলেজ ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদ।