রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় নতুন করে সামনে এসেছে এক সময়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল হাসান ইমনের নাম। গত ১০ জানুয়ারি ওই দুই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় নিউ মার্কেট থানায় হওয়া মামলার প্রধান আসামি করা হয়েছে তাকে। তবে ইমনের মা ডা. সুলতানা জাহানের দাবি, তার ছেলে এ ঘটনায় জড়িত নন। তিনি বর্তমানে বিদেশে আছেন, তাকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে।
নিউ মার্কেট থানা সূত্র জানিয়েছে, মাল্টিপ্ল্যান সেন্টারে ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় ইমনসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। চাঁদা দাবির পাশাপাশি ইন্টারনেট, পানি ও ময়লার ব্যবসার নিয়ন্ত্রণ এবং মার্কেট রাজনীতি নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
তবে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক প্রধান ডা. সুলতানা জাহান বলেন, আমার ছেলে ইমন আওয়ামী নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় আটক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন জামিনে মুক্তি পায়। ইমন বর্তমানে বিদেশে। কিন্তু তাকে এলিফ্যান্ট রোডের হামলায় আসামি করা হয়েছে। গত ১০ জানুয়ারির হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার দাবি জানান তিনি।
এর আগে ডিএমপি রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেছিলেন, নির্বাচনসংশ্লিষ্ট একটি বিরোধ আগে থেকেই ছিল। সে কারণে এ ঘটনা হতে পারে।