পুলিশ পরিচয়ে অপহরণ, ৬ জন গ্রেপ্তার, অপহৃত উদ্ধার

পুলিশ পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় অপহৃতকে উদ্ধারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রেজাউল ইসলাম ওরফে হিমেল, সেলি বেগম ওরফে শিলা বেগম, মো. মুক্তাজুল সরকার, মো. মারুফ হাসান, নূর মোহাম্মদ ও মো. মাহমুদ হাসান। গতকাল শনিবার ডিএমপি মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

ডিসি বলেন, আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ১৫ জানুয়ারি খিলগাঁওয়ের নবীনবাগ তিতাস রোডের রবিন এন্টারপ্রাইজ নামের দোকান থেকে শাহান আলীকে তুলে নিয়ে যাওয়া হয়। রেজাউল ও সেলি বেগমসহ অজ্ঞাতপরিচয় ১০-১৫ জন জোর করে তাকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যান। শাহান আলীকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কারণ জিজ্ঞাসা করলে দুজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান। এরপর ওইদিন রাত সাড়ে ১০টার দিকে এক মোবাইল নম্বর থেকে ভুক্তভোগী শাহান আলীর পুত্রবধূর মোবাইল নম্বরে ফোন করে মুক্তিপণ বাবদ ২ লাখ টাকা দাবি করা হয়। দাবি করা মুক্তিপণের টাকা না দিলে শাহান আলীকে হত্যা করে মরদেহ গুম করে ফেলার হুমকি দেন অপহরণকারীরা। ১৬ জানুয়ারি অপহৃত শাহান আলীর ভাগ্নে মো. সোহেল রানা খিলগাঁও থানায় একটি মামলা করেন।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যেই তদন্তের একপর্যায়ে অপহৃত শাহান আলীর অবস্থান নিশ্চিত করে খিলগাঁও থানা পুলিশ। এরপর গত শুক্রবার কুষ্টিয়া জেলা পুলিশের সহযোগিতায় অপহরণকারী মো. রেজাউল ইসলামের শ্বশুরবাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার কান্দিরপাড়া এলাকা থেকে শাহান আলীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিসি তালেবুর রহমান।