লা লিগায় ফিরেই ছন্দ হারাল বার্সেলোনা। টেবিলের নিচের দিকের দল গেতাফের সঙ্গে তারা ১-১ গোলে ড্র করেছে। শুরুতে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারেনি নতুন বছরে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেতে দারুণ পারফরম্যান্স করা কাতালান দলটি। এই নিয়ে লিগে সবশেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই পয়েন্ট হারাল হান্সি ফ্লিকের দল।
শনিবার গেতাফের মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রায় ৭৮ শতাংশ সময় বল দখলে রেখেছিল বার্সা। গোলমুখে তাদের ২১টি শটের মাত্র ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে গেতাফের ৯ শটের ৪টি লক্ষ্যে ছিল। নবম মিনিটে পেদ্রির পাস থেকে বল পেয়ে দ্বিতীয় প্রচেষ্টায় বার্সাকে এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে। ৩৪তম মিনিটে মাওরো আরামবারির সৌজন্যে ম্যাচে সমতায় ফেরায় গেতাফে।
খেলার বাকি অংশে আর কোনো গোল হয়নি। ৪১তম মিনিটে লেভানদোভস্কির হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যাওয়ায় অল্পের জন্য দ্বিতীয় গোল পায়নি বার্সা। ২০ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৪।