বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার জামিন শুনানি আজ

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ রোববার (১৯ জানুয়ারি) শুরু হচ্ছে। এদিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এ শুনানি হবে। আদালতে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ।

এদিকে আদালতে কাজ শুরু হচ্ছে খবর পেয়ে ভোর থেকে বিডিআর জাওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৬ বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারা ভোগ করছেন এসব আসামিরা।

হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকায় বন্দি আছেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে বিচারপ্রার্থীরা কারামুক্ত হবেন এমন প্রত্যাশা জানিয়েছেন স্বজনরা।

এর আগে এই মামলার বিচার কার্যক্রম বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক হলেন মো. ইব্রাহিম মিয়া এবং পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন বোরহান উদ্দিন।

৫ আগস্টের পর আদালতের অবকাঠামো তছনছ করা হয়। এরপর গত ৮ জানুয়ারি অস্থায়ী আদালতের কক্ষ কে বা কারা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। পরে আইন মন্ত্রণালয় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করে।