পটুয়াখালী

পুলিশ লাইনস থেকে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী পুলিশ লাইনসের নারী ব্যারাক থেকে এক নারী কনস্টেবলের (বিপি-০৩২৩২৫১১৯৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সকাল ৭ টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।  

ওই নারী কসন্টবলের নাম তৃষা বিশ্বাস (২২)। তিনি মাদারিপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমদ মাইনুল হাসান।
 
তিনি জানান, তৃষা বিশ্বাস ২০২৩ সালের ৯ নভেম্বর চাকুরিতে যোগদান করেন। 

একই রুমের তার অপর নারী সহকর্মীদের বরাত দিয়ে তিনি জানান, তৃষা পারিবারিক কারণে মানসিক বিপর্যস্ত ছিলেন। কয়েকদিন আগে ওই নারী কনস্টেবল চিকিৎসকের শরনাপন্ন হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসা নেননি। ময়নাতদন্ত শেষে  মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারী কনস্টেবল তৃষা বিশ্বাসের পিতা কৃষ্ণ বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সকালে মেয়ের মৃত্যুর খবর পেয়ে তারা পটুয়াখালী রওনা হয়েছেন।