জানালেন প্রেস সচিব

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যাদের হাতে রক্ত আছে, তাদের সবার বিচার হবে। দলটির নেতাদের মধ্যে এখনও কোনও অনুশোচনা নেই। তবে তাদের নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই। তাদের নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো।

আজ রবিবার বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রেসসচিব।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনা একের পর এক মিথ্যা বলে যাচ্ছেন। উনি তো আগে তাহাজুদ্দের নামাজের পর থেকেই মিথ্যা কথা বলা শুরু করতেন। এখনও তো তিনি সেই ধারার মধ্যেই আছেন। মিথ্যার পর মিথ্যা বলেই যাচ্ছেন। সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ হাসিনার সঙ্গে যারা গুম-খুন ও চোরতন্ত্রের সঙ্গে জড়িত তাদের আগে বিচার করবে। এটা হচ্ছে প্রথম কাজ, তারপর নির্ধারিত হবে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে।

নির্বাচন ও সংস্কার ইস্যুতে প্রেসসচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা হবে। সেইসঙ্গে সরকার কী পরিমাণ সংস্কার চায়, তার ওপর ভিত্তি করে নির্বাচনের তারিখ নির্ধারণ হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের মিথ্যা তথ্যের কারণেই বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার হিমশিম খাচ্ছে বলে মন্তব্য করেছেন শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে। বলেছে, বছরের পর বছর উৎপাদন বেড়েছে। কিন্তু ঘটনা উল্টো বলেও মন্তব্য করেন তিনি।