জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসিক সমস্যা সমাধানের জন্য আবাসিক ভাতার ব্যবস্থা করা হবে। এই প্রসঙ্গে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী বাজেটে এ বিষয়টি অন্তর্ভুক্তির লক্ষ্যে কমিটি সার্বিক পরিকল্পনা প্রণয়ন করবে।
রবিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবসন সমস্যা সম্পর্কিত সার্বিক পরিকল্পনার আলোকে শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানের বিষয়ে পরবর্তী বাজেটে অন্তর্ভুক্তির জন্যে একটি বিস্তারিত প্রস্তাবনা প্রস্তুত করার নিমিত্তে নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো।
কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সদস্য সচিব পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
কমিটির বাকি সদস্যরা হলেন— প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পরিচালক (ছাত্র কল্যাণ) সহযোগী অধ্যাপক ড. কে. এ. এম. রিফাত হাসান, অধ্যাপক (ইতিহাস বিভাগ) ড. মোহাম্মদ বিলাল হোসাইন, সহযোগী অধ্যাপক (ইংরেজি বিভাগ) নাসির উদ্দিন আহমদ, সহযোগী অধ্যাপক (আইন বিভাগ) মুহম্মদ আসাদুজ্জামান সাদী।
উল্লেখ্য, কমিটিটি আগামী ২০ কার্যদিবসের মধ্যে প্রস্তাবনা/প্রতিবেদন প্রদান করবে।