ব্রাহ্মণবাড়িয়ায় মুঠোফোনে প্রবাসী স্বামী তালাক দেওয়ায় মারিয়া খানম প্রভা (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে নিহতের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। নিহত মারিয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের আইয়ুব মিয়ার মেয়ে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর উপজেলার টাংগা গ্রামের মুসা মিয়ার ছেলে আরিয়ান চৌধুরীর সঙ্গে বিয়ে হয় মারিয়ার। বিয়ের কয়েকমাস পর আরিয়ান সৌদি আরবে চলে যান। এরপর থেকে আরিয়ান ও তার পরিবারের লোকজন বিভিন্ন রকম সন্দেহ করে এবং যৌতুকের জন্য মারিয়াকে মানসিক নির্যাতন করে আসছিল। কয়েক দিন ধরে মারিয়া তার বাবার বাড়িতে অবস্থান করছিল।
শনিবার দুপুরে মোবাইলে স্বামীর সঙ্গে কথা বলার সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী আরিয়ান মেসেজে মারিয়াকে তালাক দেয়। এই অভিমানে মারিয়া বিষের ট্যাবলেট পান করে। পরে পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত মারিয়ার বাবা আইয়ুব মিয়া অভিযোগ করে বলেন, মারিয়া নবম শ্রেণিতে পড়ার সময় আরিয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। পরে তারা ২০২২ সালের দিকে পালিয়ে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকেই আরিয়ান বদলে যায়। মারিয়াকে প্রায় সময় মানসিক নির্যাতন করত। বিয়ের পর সে সৌদি আরবে চলে যাওয়ার পর থেকে মারিয়াকে সন্দেহ করত। আরিয়ানের পরিবারের লোকজন মারিয়াকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। শনিবার আরিয়ান মোবাইলে মারিয়াকে তালাক দেয়। এরপরই আমার মেয়ে কেরির ট্যাবলেট খেয়ে ফেলে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে গৃহবধূর আত্মহত্যার বিষয়টি জানানো হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।