কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় মধ্যরাতে ডাকাত প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। হত্যার চার মাসের মধ্যেই গতকাল দুপুরে চকরিয়া আদালতে ওই অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী।
চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. আনোয়ারুল ইসলাম জানান, চাঞ্চল্যকর এই হত্যাকা-ের ঘটনার তদন্তে পুলিশ ১৮ জনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের বিরুদ্ধেই তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগপত্রে নাম থাকা ১৮ জন আসামির মধ্যে ১২ আসামি ইতিমধ্যে গ্রেপ্তার রয়েছে ও ছয়জন আসামি পলাতক।
কোর্ট ইন্সপেক্টর আরও জানান, সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যাকা-ে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছিল থানায়। দুই মামলাতেই ১৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে পলাতক ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও মালপত্র ক্রোকি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যাকা- ও ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছিল। এর মধ্যে ডাকাতির প্রস্তুতিসহ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল্লাহ আল হারুণুর রশীদ বাদী হয়ে ১৭ জনের নামোল্লেখ করে মামলা করেন। একই সঙ্গে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর বাদী হয়ে একই আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।