জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) মারা গেছেন। গতকাল রবিবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকাবস্থায় তিনি মারা যান। এর আগে তিনি রাজধানীর বনানীর বাসায় দগ্ধ হয়েছিলেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বাবুল কাজীর শরীর ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালিও পুড়ে গিয়েছিল। গত শনিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসায় ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।
গত শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বনানী ১০৯ নম্বর রোডের এ-ব্লকের ২৩ নম্বর বাসায় বাথরুমে গিয়ে গ্যাসলাইটার দিয়ে সিগারেট ধরাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় স্বজনরা তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।