আহত আরও ১৮ ছাত্র-জনতাকে আর্থিক সহযোগিতা বিজিবির

জুলাই বিপ্লবে আহত আরও ১৮ জন ছাত্র-জনতাকে পুনর্বাসনে আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার সকালে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। এর মধ্য দিয়ে বিজিবির প্রতিশ্রুত ১০০ জন আহত ছাত্র-জনতাকে পুনর্বাসন কার্যক্রম শেষ হলো।

জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীরযোদ্ধাদের স্মরণ করে অতিরিক্ত মহাপরিচালক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভীষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। জুলাই বিপ্লবের শুরু থেকেই বিজিবি স্ব-উদ্যোগে বর্ডার গার্ড হাসপাতালে আন্দোলনে আহত প্রায় অর্ধশত ছাত্র-জনতাকে চিকিৎসা দিয়েছে।

আহত ছাত্র-জনতার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেন। গত ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রধান অতিথি হিসেবে সাতজন আহত ছাত্র-জনতাকে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদানের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় বিজিবির বিভিন্ন ব্যাটালিয়ন, সেক্টর ও রিজিয়নের তত্ত্বাবধানে সারা দেশে আহত ছাত্র-জনতাকে পুনর্বাসনে সহায়তা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি