শেষ হলো স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট ২০২৪

শেষ হলো সনি-স্মার্ট প্রেজেন্টস ‘স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট ২০২৪’। গত শনিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ের জহির স্মার্ট টাওয়ারে বাংলাদেশে জাপানের সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট) দেশে প্রথমবারের মতো এ আয়োজন করে।

১ হাজার ৭০০ প্রতিযোগীর মধ্য ২৫ শিল্পী গ্র্যান্ড ফিনালেতে সুযোগ পান। চ্যাম্পিয়ন রাজধানীর উত্তরার শাহীন আলম পান ৫০ হাজার টাকা পুরস্কার। ফার্স্ট রানারআপ আহাদুর রহমান রাহাদ ৩০ হাজার এবং সেকেন্ড রানারআপ শ্যামল দেবনাথকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া তাদের উপহারসামগ্রী দেওয়া হয়  তারাসহ ১০ প্রতিযোগীকে দেওয়া হয় স্মার্ট বাংলা কারাওকে মিউজিক সিস্টেম। বিচারকম-লী ও ব্র্যান্ড অ্যাম্বাসাডরকে ক্রেস্ট এবং গিফট ভাউচার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিচারক ছিলেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক কিশোর দাশ, সংগীতশিল্পী ও পরিচালক সাজিয়া সুলতানা পুতুল এবং সংগীতশিল্পী ইসফাতরা রনি। উপস্থিত ছিলেন স্মার্ট প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সংগীতশিল্পী লিলিন মুন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং উপমহাব্যবস্থাপক আজাদ রহমানসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। ভিডিও বার্তায় বিজয়ীদের অভিনন্দন জানান সংগীতশিল্পী আঁখি আলমগীর, সালমা আক্তার ও রাশেদ উদ্দিন। বিজ্ঞপ্তি