উপদেষ্টা সাখাওয়াত বললেন

দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে কাজ করছে সরকার

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধের পাশাপাশি দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে কাজ করছে সরকার। গতকাল রবিবার সকালে ভোলার ইলিশাঘাট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

ড. সাখাওয়াত বলেন, দক্ষিণাঞ্চলের পণ্য পরিবহনে অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ, তাই নদীকে সচল রাখতে নিয়মিত ড্রেজিং করা হবে। এ ছাড়া যাত্রী হয়রানি এবং ঘাটে নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া নিলে ঘাট ইজারা বাতিল করে দেওয়া হবে। এ সময় তিনি আরও বলেন, ভোলায় বিশ্বব্যাংকের অর্থায়নে পাঁচটি আধুনিক মানের লঞ্চঘাট ও ল্যান্ডিং স্টেশন করা হবে। এসব ঘাটে যাত্রীরা পাবেন সর্বাধিক সুবিধা। বিগত দিনের চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।