আবদুল আউয়াল মিন্টু বললেন

ঐক্য সৃষ্টির কোনো বিকল্প নেই

বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের প্রধান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘একতাই মানুষের শক্তি। নিজেদের মধ্যে বিভেদ ভুলে দলের ভেতর ঐক্য সৃষ্টির কোনো বিকল্প নেই। নেতাদের প্রধান দায়িত্ব ভবিষ্যতের জন্য নেতৃত্ব সৃষ্টি করা।’

গতকাল রবিবার দুপুর ১২টায় বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘স্বাধীনতার পর থেকে বরিশাল শহরে অনেক নেতা এসেছেন, ভবিষ্যতে আরও আসবেন। কিন্তু দল সবসময় থাকবে, নেতৃত্ব ক্ষণস্থায়ী। আমাদের কাজ হলো দলকে সুসংগঠিত ও শক্তিশালী রাখা, যেন মানুষের অধিকার রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে শক্তি প্রয়োগ করা যায়।’

সভায় বরিশাল জেলা (দক্ষিণ) আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের সভাপতিত্বে তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। তার লিডারশিপের কারণেই তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ শস্যভা-ারে রূপান্তরিত হয়েছিল। তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।’