স্ত্রী আগে পা রাখলেন কোয়ার্টারে, স্বামী পারবেন তো!

সেই ২০১৯ সালে সবশেষ অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল খেলেছিলেন এলিনা ভিতোলিনা। ৩০ বছর বয়সী এই ইউক্রেন তারকা সোমবার ভেরোনিকা কুদেরমেতোভাকে হারিয়ে কোয়ার্টারের টিকিট কেটেছেন। ২০২১ সালে ফ্রান্সের টেনিস তারকা গয়েল মনফিলসকে বিয়ে করেন ভিতোলিনা। মনফিলসও লড়ছেন কোয়ার্টারে ওঠার লড়াই।

এবারের অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠতে স্বামী-স্ত্রী দুজনেই হারান নিজেদের বিভাগে র‌্যাংকিংয়ের চারে থাকা তারকাদের। ওই দফায় মনফিলস আগে জিতেছিলেন। আজ জিতলেন ভিতোলিনা। প্রথম সেটে ১-৪ গেমে পিছিয়ে পড়েছিলেন তিনি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরের ১২ গেমে ১১টিতেই জয় তুলে নেন তিনি। ম্যাচ জেতেন ৬-৪ ও ৬-১ ব্যবধানে। এ নিয়ে ক্যারিয়ারে ১২তম বারের মতো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার নিশ্চিত করলেন ভিতোলিনা। ম্যাচ জিতে ক্যামেরার লেন্সে লেখেন ‘দ্য স্পিরিট অফ ইউক্রেন’, পাশে একটি হৃদয় চিহ্নও এঁকে দেন বিশ্বের ১৮তম এ বাছাই। 

তবে শেষ ষোলোর অন্য ম্যাচে হেরে গেছেন ২০২২ উইম্বলডন চ্যাম্পিয়ন ও ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন রানার আপ ৬ষ্ঠ বাছাই এলিনা রিবাকিনা। ১৯তম বাছাই ম্যাডিসন কিসের কাছে রিবাকিনা ম্যাচ হারেন ৩-৬, ৬-১ ও ৩-৬ ব্যবধানে। কোয়ার্টারে ভিতোলিনার মুখোমুখি হবেন ম্যাডিসন।