যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে মার্কিন নাগরিকদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির পর দেশটিতে পুনরায় অ্যাপটির সেবা চালু হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আজ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। আর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর টিকটককে ছাড় দিতে নির্বাহী আদেশ জারি করবেন তিনি। ট্রাম্পের এমন ঘোষণার পর পরই যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারীর জন্য অ্যাপটির সেবা চালু হয়।
সম্প্রতি ট্রাম্প জানিয়েছিলেন যে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর টিকটককে নিষিদ্ধ করার আইন কার্যকর বিলম্বিত করতে নির্বাহী আদেশ জারি করবেন তিনি।
বিবিসি লিখেছে, অ্যাপটি আবার কাজ শুরু করার পর লাখ লাখ ব্যবহারকারীর কাছে একটি পপআপ বার্তায় ট্রাম্পের নাম উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছে। এক বিবৃতিতে কোম্পানিটি নতুন প্রেসিডেন্টকে 'প্রয়োজনীয় স্বচ্ছতা ও নিশ্চয়তা দেওয়ার' জন্য ধন্যবাদ জানিয়েছে এবং অ্যাপটিকে যুক্তরাষ্ট্রে রাখার দীর্ঘমেয়াদি সমাধানে ট্রাম্পের সঙ্গে কাজ করার কথাও বলেছে টিকটক।
সোমবার ট্রাম্পের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে টিকটকের সিইও শো জি চিউ উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কিন্তু অ্যাপটির চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন বাইডেনের আইনপ্রণেতারা।
মার্কিন প্রশাসনের আশঙ্কা, টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে।
এরই প্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।