লিটনের ব্যাটে ফিফটি এলো আবার, কিন্তু জয়!

সাদা বলে ফর্ম খুঁজতে থাকা লিটন দাস এই সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু ওই ম্যাচেও ঢাকার কপালে জুটেছিল হার। আজ চট্টগ্রামে আবার একই প্রতিপক্ষে বিপক্ষে ফিফটি করেছেন তিনি। তাতে ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ১৯৬ রান। বিপিএল থেকে ছিটকে গেলেও এই রানে আসরের দ্বিতীয় জয়ের সান্ত্বনা পায় কি না শাকিব খানের দলটি- সেটিই এখন দেখার বিষয়।

বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ তামিম আজ সাগরিকায় ১৬ বলে ২২ রান করেই আউট হয়ে যান। কিন্তু তার সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমে ১৯তম ওভারের শেষ বল পর্যন্ত ক্রিজে থাকেন লিটন। টি-টোয়েন্টিতে নিজের ৩০তম আর বিপিএলে নিজের ১৫তম ফিফটি তুলে নেন লিটন। এবারের আসরে ৩০০+ রান করা তৃতীয় ব্যাটসম্যান বনে যান সেই সুবাদে। সাকিব আল হাসানকে ছাপিয়ে হন বিপিএল ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। ৪৮ বলে ৪টি করে চার-ছক্কায় ৭০ রান করেন তিনি।

চতুর্থ উইকেটে ৩৮ বলে ৪২ রানের ঢিমেতাল জুটি গড়েন সাব্বির রহমানের সঙ্গে। ২১ বলে ২৪ রান করেন সাব্বির। কিন্তু ৫ম উইকেটে অধিনায়ক থিসারা পেরেরার সঙ্গে লিটনের জুটি দাঁড়ায় ২৮ বলে ৮১ রানের। ৩টি করে চার-ছক্কায় অধিনায়ক থিসারা খেলেন ১৭ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস। সিলেটের হয়ে দুটি করে উইকেট নেন সামিউল্লাহ শিনওয়ারি ও টিপু সুলতান।