লক্ষ্মীপুরে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলার মজুচৌধুরীরহাট সড়কের বি,ইউ, চৌধুরী ফিশারিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনসুর আহম্মদের ছেলে মুরাদ ও টুমচর ইউনিয়নের জগতবেড় এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আনোয়ার। এ সময় অটোরিকশা চালক আজাদ হোসেন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুচৌধুরী হাট থেকে বালুবাহী ডাম্প ট্রাক ওভারটেক করতে গেলে পাশে থাকা দ্রুতগতির একটি অটোরিশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ডাম্প ট্রাকটি এখনো জব্দ করা যায়নি। দুইজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ট্রাকটির চালক এখনো পলাতক রয়েছে।