আলকারাজের মুখোমুখি হওয়ার আগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে জকোভিচ

টেনিসে কোনো ম্যাচ জয়ের পর কোর্টের ভেতর সাক্ষাৎকার দেয়াটা রেয়াজ। কিন্তু রবিবার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচ জয়ের পর অন-কোর্ট সংবাদ সাক্ষাৎকার এড়িয়ে হুট করে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে গিয়ে বিতর্কের জন্ম দেন নোভাক জকোভিচ। 

ম্যাচ শেষ হওয়ার পর  সাবেক টেনিস তারকা ও ধারাভাষ্যকার জিম কুরিয়ার সাক্ষাৎকার নেওয়ার জন্য চেস্টা করলে জকোভিচ সাক্ষাৎকার না দিয়ে সরাসরি মাইক্রোফোন নিয়ে দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, “আজ রাতে এখানে উপস্থিত থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমি আপনাদের সমর্থনকে খুবই মূল্য দিচ্ছি এবং পরবর্তী রাউন্ডে দেখা হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।” এর পরপরই কোর্ট ছেড়ে চলে যান তিনি, আর দর্শকদের একাংশ এ ঘটনায় তাকে দুয়ো দেয়।

কেনো তিনি এমন করলেন- এর ব্যাখ্যা দিয়েছেন জকোভিচ পরবর্তীতে সংবাদ সম্মেলনে। কদিন আগে অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের সঞ্চালক টনি জোনস জকোভিচকে "অতীতের তারকা" এবং "তাকে বের করে দিন দিন" বলে মন্তব্য করেছিলেন। এমনকি ২০২২ সালে কোভিড-১৯ ভ্যাকসিন না নেওয়ার কারণে জোকোভিচের অস্ট্রেলিয়া থেকে নির্বাসনের বিষয়েও মন্তব্য করেন। তার প্রতিবাদ জানাতেই তিনি সেদিন অনকোর্ট সাক্ষাৎকার দেননি। 

“কোর্টে সাক্ষাৎকার না দেওয়ার পেছনে কারণ ব্যাখ্যা করতে চাই। কয়েক দিন আগে চ্যানেল নাইনের একজন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক সার্বিয়ান ভক্তদের নিয়ে ঠাট্টা করেন এবং আমার প্রতি অপমানজনক মন্তব্য করেন। এ ঘটনায় আমি খুবই দুঃখিত হয়েছি। এখন পর্যন্ত তিনি কিংবা চ্যানেল প্রকাশ্যে কোনো ক্ষমা চাননি।” তিনি আরও জানান, যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া না হয়, ততক্ষণ তিনি চ্যানেলটির সঙ্গে কোনো সহযোগিতা করবেন না। 

জকোভিচ পরে এক্স (পূর্বে টুইটার)-এ একটি ছোট ভিডিও প্রকাশ করেন, যেখানে তার সিদ্ধান্ত ব্যাখ্যা করেন। ভিডিওটি ৬ কোটি বারের বেশি দেখা হয়েছে এবং এটি এক্স মালিক ইলন মাস্কের নজর কাড়ে।  মাস্ক মন্তব্য করেন, “পুরনো মিডিয়ার নেতিবাচক ফিল্টার এড়িয়ে সরাসরি জনসাধারণের সঙ্গে কথা বলাই উত্তম।” জকোভিচ মাস্ককে উত্তরে লেখেন, “পুরোপুরি একমত।”

 সোমবার চ্যানেল নাইন কর্তৃপক্ষ বিষয়টি ক্ষমা চেয়ে এক বিবৃতি দিয়েছে, “যদি কোনো মন্তব্য থেকে নোভাক বা তার ভক্তদের কষ্ট হয়ে থাকে, তবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।”

আর টনি জোনস তার বক্তব্যকে “মজার ছলে করা” দাবি করে বলেছেন, “যদি নোভাক মনে করে আমি তাকে অসম্মান করেছি, তবে আমি দুঃখিত। আমি জোকোভিচের শিবিরের সঙ্গে যোগাযোগ করেছি এবং ক্ষমা চেয়েছি।”

বিতর্ক মিটে যাওয়ার পর মঙ্গলবার কার্লোস আলকারাজের সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচের দিকে মনোযোগ দিতে পারছেন বলে জানানো হয়েছে।