দ্বিতীয় মেয়াদে ক্ষমতা পেতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানিয়ে পুতিন বলেন, ‘অবশ্যই, আমরা এই অবস্থান স্বাগত জানাই এবং সদ্য অভিষিক্ত মার্কিন প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাই।’
তিনি ট্রাম্পের রাশিয়ার সঙ্গে পুনরায় যোগাযোগ শুরুর ইচ্ছা এবং তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধে সম্ভাব্য সবকিছু করার বিষয়ে পূর্ববর্তী মন্তব্যের কথাও স্বীকার করেন।
এছাড়া পুতিন ইউক্রেন যুদ্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন। এই যুদ্ধের কোনো অস্থায়ী যুদ্ধবিরতি উচিত নয় বলেও উল্লেখ করেন পুতিন। এর পরিবর্তে সকলের স্বার্থ বিবেচনা করে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার পথ তৈরির আহ্বান জানিয়ে পুতিন বলেন ‘স্বাভাবিকভাবেই আমরা রাশিয়ার স্বার্থের পক্ষে দাঁড়াব।’