পাঁচ দিনেও ধরা পড়েনি পার্কের দেয়াল টপকে যাওয়া নীলগাই 

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের প্রধান নিরাপত্তা প্রাচীর (দেয়াল) টপকে প্রাপ্তবয়স্ক একটি পুরুষ নীলগাই লোকালয়ে বের হয়ে গেছে। পাঁচদিন হলেও এখনো ধরা পড়েনি নীলগাইটি। নিরুপায় পার্ক কর্তৃপক্ষ আশপাশসহ পাশের টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার বেশ কিছু অঞ্চলে মাইকিং করে নীলগাই হারিয়ে যাওয়ার খবর প্রচার করছেন। 

মাইকিংয়ে সর্তক করা হচ্ছে যেন নীলগাই দেখলে কেউ মারতে বা ক্ষতি করতে না পারে। গত বৃহস্পতিবার পার্কের হরিণ বেষ্টনিতে দুটি পুরুষ নীলগাই মারামারি করে একটি তাড়া খেয়ে প্রাচীর পার হয়ে বাইরে চলে যায়। এরপর থেকে কর্তৃপক্ষ নীলগাইকে ধরতে বিভিন্ন স্থানে খবর রাখছেন।

আজ সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় নিকটস্থ থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি।

পার্কের একাধিক সূত্র জানায়, পার্কে মোট ১১ টি নীলগাই রয়েছে। এদের মধ্যে ৭টি পুরুষ নীলগাই ছিল। এদের মধ্য থেকে একটি পুরুষ নীলগাই অরক্ষিত প্রাচীর টপকে বাহিরে চলে যায়। 

পার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) রফিকুল ইসলাম বলেন, সাফারি পার্কে সর্বশেষ ১১টি নীলগাই ছিল। এর মধ্যে একটি প্রাপ্তবয়স্ক পুরুষ নীলগাই দেয়াল টপকে বাহিরে চলে গেছে। বাহিরে চলে যাওয়া নীলগাইটিকে উদ্ধার করে পার্কে আনার চেষ্টা চলছে।

শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, এ ব্যাপারে পার্ক কর্তৃপক্ষ থানায় কোনো জিডি করেনি। তারা এ বিষয়ে আমাদের সাথে কোনো যোগাযোগও করেনি।