ডিএনসির অতিরিক্ত মহাপরিচালক

দেশে একমাত্র ইয়াবা কারও নিয়ন্ত্রণে নেই

দেশে মদ, হেরোইন, কোকেন, আফিম ও গাঁজা নিয়ন্ত্রণে থাকলেও ইয়াবা কারও নিয়ন্ত্রণে নেই বলে মন্তব্য করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ ইউছুফ। তিনি বলেন, ‘এভাবে চলতে থাকলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।’

গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) দেশ ও জাতির কল্যাণে ‘মাদকতার কুফল ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারে আন্তর্জাতিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আফফান মানসুরপুরী। সেমিনারে ‘মাদকতার কুফল ও প্রতিকার’ শিরোনামে একটি গবেষণা-প্রবন্ধ উপস্থাপন করা হয় এবং ‘মদ ও মাদকতা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

ডিএনসির অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ ইউছুফ বলেন, মদ নিয়ে আমি চিন্তিত না। বিশ্বব্যাপী যেমন এটা নিয়ন্ত্রণে আছে, আমাদের দেশেও এটা নিয়ন্ত্রণে আছে। মদ মুক্ত করতে পারবেন না। যতটুকু সম্ভব ততটুকু নিয়ন্ত্রণে আছে। শুধু মদ না, হেরোইন, কোকেন, আফিম ও গাঁজা অন্যান্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে আছে। তবে ইয়াবা কারও নিয়ন্ত্রণে নেই।

ইয়াবার ভয়াবহতা উল্লেখ করে ডিএনসির অতিরিক্ত মহাপরিচালক বলেন, তিন থেকে চার বছর টানা ইয়াবা সেবন করলে ওই ব্যক্তি মেন্টালি ডেড হয়ে যায়। একটা পর্যায়ে ইয়াবা সেবনকারী ব্যক্তি কথা বলতে পারে না, শুকিয়ে যায় এবং একটা সময়ে সে মারা যায়। ইয়াবা সেবনকারীকে পুনর্বাসনও করা যায় না। সীমান্ত দিয়ে ইয়াবার প্রবেশ রোধে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে। বাংলাদেশে ইয়াবার কোনো কারখানা নেই।