আরএন গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধের ঘোষণা

নারায়ণগঞ্জের ফতুল্লার জেলা পুলিশ লাইনসের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়কে আরএন নিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা ১২ দফা দাবিতে অবরোধ করে বিক্ষোভ করছে। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে দাবি না আদায় হওয়া পর্যন্ত শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করবে না বলে ঘোষণা দেয়। গতকাল সোমবার দুপুর ১২টায় আরএন নিট টেক্সটাইল থেকে মিছিল নিয়ে পুলিশ লাইনের সামনে এসে রাস্তায় অবরোধ করে তারা। বিষয়টি সমাধানের জন্য মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ ও শিল্প পুলিশ। দুপুর ১টার দিকে অবরোধ ছেড়ে চলে যায় শ্রমিকরা। অবরোধের কারণে সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, শ্রমিকরা ১২ দফা দাবিতে ও তাদের ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে। আমাদের শিল্প পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সেখানে মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করেন।

এদিকে বিকেলে কারখানা বন্ধের নোটিস সাঁটিয়ে দেয় আর. এন নিট টেক্স লিমিটেড এবং ইউনাইটেড কসটিউম লিমিটেড।