সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে আহ্ছানিয়া মিশন প্রেসিডেন্টের সাক্ষাৎ

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেমের সঙ্গে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।

এ বৈঠকের মূল লক্ষ্য ছিল উভয় প্রতিষ্ঠানের আস্থা ও ব্যাংকিং সম্পর্ক শক্তিশালী করা এবং ব্যাংকের আর্থিক সেবা ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের নতুন উপায় অনুসন্ধান। প্রতিনিধিদলের পক্ষ থেকে সাউথইস্ট ব্যাংকের শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র্য বিমোচনে কার্যক্রমকে ইতিবাচক হিসেবে চিহ্নিত করা হয় এবং ব্যাংকের আর্থিক সেবার মানের ভূয়সী প্রশংসা করা হয়। বৈঠকে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেমকে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মিশন কর্তৃক পরিচালিত অন্য জনকল্যাণমূলক প্রকল্পগুলো পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়।

সাক্ষাৎকালে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের জেনারেল সেক্রেটারি এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার আ ফ ম গোলাম শারফুদ্দিন, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ মহিউদ্দিন এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম এ কাশেম বলেন, ‘সাউথইস্ট ব্যাংক সবসময় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নই দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের অন্যতম হাতিয়ার এবং এই লক্ষ্য অর্জনে আমাদের সহযোগিতার হাত সর্বদাই প্রসারিত থাকবে।’ বিজ্ঞপ্তি