সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হককে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এ মামলায় গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। শুনানির একপর্যায়ে বিচারক গত ১৫ বছরে বিচার বিভাগের দৈন্যদশা ও মামলা জটের চিত্র তুলে ধরেন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আনিসুল হক বলেন, ‘বিচার বিভাগের যত ইম্প্রুভমেন্ট হয়েছে তা আমার করা।’ বিচারক বলেন, ‘ঢাকায় লক্ষাধিক এনআই অ্যাক্ট মামলা পরিচালনা করার জন্য মাত্র সাতটি যুগ্ম দায়রা জজ আদালত রয়েছে, যা অপ্রতুল। অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার একজন বিচারককে টিনশেড বিল্ডিংয়ে বসে বিচার কাজ পরিচালনা করতে হয়। ১৫ বছরে বিচার বিভাগের তেমন কোনো সংস্কার হয়নি।’
এ সময় আনিসুল হক আদালতের অনুমতি নিয়ে বলেন, ‘আমি আইনমন্ত্রী থাকাবস্থায় প্রতি বছর লোকবল নিয়োগের জন্য রিকুইজিশন দিতাম। আইন মন্ত্রণালয়ের জন্য মাত্র ১৩ কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল। বিচার বিভাগের যত ইম্প্রুভমেন্ট হয়েছে তা আমার করা।’