বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলি চালিয়ে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অভিযোগে করা পৃথক মামলায় পুলিশের বরখাস্ত সহকারী কমিশনার (এসি) তানজিল আহমেদ ও দুই কনস্টেবলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গতকাল সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় ইমাম হোসেন তাইমকে গুলি করে হত্যা মামলায় তানজিল আহমেদ, গাজীপুরের কোনাবাড়ীতে কলেজ শিক্ষার্থী হৃদয়কে হত্যার মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার কনস্টেবল হোসেন আলীকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আদালতের আদেশ শেষে তাদের কারাগারে পাঠানো হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টে গণহত্যার বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আগামীকাল বুধবার আদেশের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
জিয়াউল আহসানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী ও নাজনীন নাহার।