বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক বৈঠকে যোগ দিতে চার দিনের সরকারি সফরে সোমবার রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস।
সোমবার (২০ জানুয়ারি) রাত ১টায় সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশে রওনা দেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম জানান, অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা ২৫ মিনিটে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা।
এই সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এবারই প্রথমবারের মতো বাংলাদেশ বিষয়ে পৃথক সংলাপের আয়োজন থাকবে। যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক ব্যবসায়ী নেতাদের আত্মবিশ্বাস বাড়াতে এ সফর সহায়ক হবে বলে মনে করছে সরকার।
আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।