ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

ক্ষমতা গ্রহণের প্রথম দিনই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি।

এর পাশাপাশি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশও বাতিল করেন তিনি। সোমবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে এ দাঙ্গার ঘটনা ঘটে। ২০২০ সালের মার্কিন প্রেসিডন্ট নির্বাচনের ফলাফল উলটে দেওয়ার অভিযোগে ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল হিলে হামলা চালায়।  ঘটনায় অনেককে পরবর্তীতে কারাগারে পাঠানো হয়।

নির্বাচনের আগে সমর্থকদের কাছে টানতে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এবার তিনি তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘তারা আজ রাতে দ্বিধাদ্বন্দ্বা ছাড়া ঘুরে বেড়াবে। এটাই আমাদের প্রত্যাশা।’ এছাড়া এ ঘটনায় অভিযুক্ত ৬ আসামির সাজাও কমানোর কথা জানান ট্রাম্প।

কারাদপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, তারা এখন ট্রাম্পের পদক্ষেপের অপেক্ষায় আছেন। কারণ তার আদেশ পেলে সোমবারই অনেককে ছেড়ে দেওয়া হতে পারে। 

ক্যাপিটলে দাঙ্গায় জড়িত হাজার দেড়েক সমর্থককে মুক্তি দেওয়ার ইঙ্গিত কয়েক মাস আগে থেকেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি তা বাস্তবায়ন করলেন