সড়ক থেকে সরেছেন প্রবাসীরা, যান চলাচল স্বাভাবিক

টিকা না পেয়ে রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করা সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা সরে গেছেন। ফলে এক ঘণ্টা পর ওই এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর প্রায় ৩০০ জন প্রবাসী পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের সামনে আন্দোলন শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে তারা সরে যান।

ডিএমপির শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম বলেন, ‘টিকা নিতে স্কয়ার হাসপাতালের সামনে এসেছিলেন প্রবাসী ও ওমরা হজের যাত্রীরা। পরে প্রবাসীরা জানতে পেরেছেন তাদের টিকা লাগবে না, সেজন্য তারা চলে গেছেন। তবে ওমরা হজের যাত্রীরা টিকা না পেয়ে তারা এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে চলে গেছেন। পান্থপথ এলাকায় এখন আর কোনো আন্দোলনকারী নেই। এ এলাকার সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।’

এর আগে, সকালে রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যের আরও দুই-একটি দেশে যাওয়ার জন্য টিকা নিতে যান প্রবাসী ও ওমরা হজের যাত্রীরা। কিন্তু ওইসব হাসপাতালে গিয়ে তারা দেখেন টিকা নেই। পরে তাদের জানানো হয় পান্থপথের স্কয়ার হাসপাতালে টিকা আছে সেখানে যেতে। সে অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে আসেন। কিন্তু এসে দেখেন এখানেও টিকার সংকট। এরপর টিকা না পেয়ে প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন।