নাটোরে লালপুরে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ কিশোর নিহত হয়েছেন।
মঙ্গলবার(২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান গ্রামে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯), এবং সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।
লালপুর থানার ওসি মো.নুরুজ্জামান বলেন, সকালে তিন বন্ধু মোটরসাইকেলযোগে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। এ সময় লালপুর উপজেলার সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী শ্রাবন ও বিধান ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যু বরন করেন।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।