এই মুহূর্তে ওপার বাংলার ব্যস্ততম অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিন্তু প্রেমজীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ তার। একটা সময় অবশ্য তার প্রেমজীবন নিয়ে চর্চা হয়েছে বিস্তর। তবে, গত কয়েক বছর ধরেই নায়িকা নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করে এসেছেন।
এবার কি তবে ছুটি কাটাতে গিয়ে প্রেমে পড়ার ইঙ্গিত দিলেন মিমি! অভিনেত্রীর ছবি দেখে সন্দেহপ্রকাশ বান্ধবী পার্নো মিত্রের!
সচরাচর বিভিন্ন সময় একাকী ভ্রমণ করতে দেখা যায় মিমিকে। সেসব ছবি নিজের ফেসবুকে শেয়ারও করেন। এবারও মিমি গেলেন সমুদ্রে। সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি।
অভিনেত্রী যে অনেক খুশি তা নিজেই জানিয়েছেন— চোখে রোদচশমা, পরনে কালো সাঁতার পোশাক, সঙ্গে লম্বা শ্রাগ, হাওয়ায় উড়ছে চুল। ক্যাপশনে অভিনেত্রী লিখেন, ‘সূর্য ও সমুদ্রসৈকতের মাঝে খুশি, সঙ্গে রয়েছে পিৎজা।’
বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন তিনি। কিন্তু, কে তুলে দিল এমন সব সুন্দর ছবি? ছবি সৌজন্যে কারও নাম লেখেননি নায়িকা, শুধু ব্যবহার করেছেন একটি লাল হৃদয়ের চিহ্ণ।
অভিনেত্রীর এই রকম কৃতজ্ঞতা স্বীকার নজর কেড়েছে পার্নোর। মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘কৃতজ্ঞতা স্বীকারে হৃদয়ের চিহ্ণ?? হুমম!’’ যদিও পার্নোকে পাল্টা উত্তর দেননি মিমি।
তবে, কানাঘুষো শোনা যাচ্ছে নায়িকা প্রেমে পড়ছেন। সম্ভবত তার সঙ্গেই ছুটি কাটাতে গিয়েছিলেন। কে তিনি? তা নিয়ে চর্চা তুঙ্গে উঠতে চলেছে আগামী কয়েক দিনে।
যত দূর জানা গেছে, মিমির ভালোবাসার মানুষটি চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত নন। এবার অপেক্ষা, কবে তাকে সবার সামনে নিয়ে আসেন অভিনেত্রী।