টেনিসের উন্মুক্ত যুগের একমাত্র পুরুষ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের ৫০তম সেমিফাইনাল নিশ্চিত করেছেন মহাতারকা নোভাক জকোভিচ। স্প্যানিশ তারকা কার্লোজ আলকারাজের সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রথম সেটে হেরে গেলেও হার মানেননি ৩৭ বছরের এ সার্বিয়ান। পরের তিন সেট জিতে আলকারাজের বিপক্ষে হার্ডে কোর্টে অপরাজিত থাকার রেকর্ডটিও টিকিয়ে রেখেছেন।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ৪-৬ গেমে প্রথম সেট হেরে যান জকোভিচ। কিন্তু ২১ বছরের আলকারাজের বিপক্ষে তুমুল লড়াই ছাড়েননি। ডিউসের পর ডিউস ছাপিয়ে পরের তিন সেট জিতে নেন ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে। ম্যাচশেষে জকোভিচ বলেন, ‘সবার প্রথমে আমি আলকারাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। কী দুর্দান্ত একজন খেলোয়াড় তিনি। ও দারুণ খেলেছে।’ রসিক জকোভিচ খুনসুটি করতে ভোলেননি। প্রশ্নোত্তরের ফাঁকে গ্যালারিতে থাকা নিজের সন্তানদের উদ্দেশ্য করে বলেন, ‘আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। কিন্তু এখন রাত একটা বাজে। তোমরা ঘুমাবে কখন?’
উন্মুক্ত যুগের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিজের ৫০তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফা্ইনালে জকোভিচ মুখোমুখি হবেন বিশ্বের দ্বিতীয় বাছাই জার্মান তারকা আলেকজান্ডার ভেরেভের। ১২তম বাছাই যুক্তরাষ্ট্রের টমি পলকে ৭(৭)-৬ (১), ৭(৭)-৬(০), ২-৬ ও ৬-১ সেটে হারিয়ে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছান ভেরেভ। দুবারের গ্র্যান্ড স্ল্যাম রানারআপ ভেরেভে কখনো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেননি। অস্ট্রেলিয়ান ওপেনের ১০টি শিরোপা রাখা আছে জকোভিচের শোকেসে।