‘অবসর’ ভাবনা এলেও পিছপা হননি জকোভিচ

মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে কোকো গফের বিদায় ছিল সবচেয়ে বড় আলোচনার বিষয়। সেটি ছাপিয়ে যেত যদি মহাতারকা নোভাক জকোভিচ বাধ্যতামূলক অবসর নিয়ে নিতেন। সেই ভাবনাও এসেছিল তার চিন্তায়। কার্লোজ আলকারাজের বিপক্ষে প্রথম সেটটি হেরে যাওয়ার পর মেডিকেল টাইমআউট নিতে হয়েছিল জকোভিচকে।

প্রথম সেট হারের পর জকোভিচকে কোর্টে খোঁড়াতে দেখা যায়। ধারণা করা হচ্ছিলো কুঁচকিতে অস্বস্তি অনুভব করছেন তিনি। প্র্রথম সেটে হারের পর কোর্ট ছেড়ে বেরিয়ে চিকিৎসকদের আশ্রয়ে যেতে হয়। তবে ফিরে এসে চোটের আর কোনো লক্ষণই দেখাননি। উল্টো আগের চেয়ে বেশি জ্বলে ওঠেন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ২১ বছর বয়সী স্প্যানিশ তারকা আলকারাজকে পরের তিন সেটে উড়িয়ে দেন জকোভিচ।

ম্যাচের পর জোকোভিচ বলেছেন, 'যদি আমি দ্বিতীয় সেট হেরে যেতাম, তাহলে খেলা চালিয়ে যেতে পারতাম কিনা আমি জানি না। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমি ভালো থেকে আরও ভালো অনুভব করেছি। দ্বিতীয় সেট জয়ের পথে শেষদিকে বেশ কয়েকটি দুর্দান্ত গেম খেলতে পেরেছি। তখন দেখেছি, কার্লোজ কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল এবং আমি সেই সুযোগটা নিয়েছি। তারপর আমি আরও ভালো বোধ করতে থাকি, কোর্টে আরও ভালোভাবে নড়াচড়া করতে থাকি। পরে আর অস্বস্তি লাগেনি বা ম্যাচের শেষদিকে এটা কোনো বাধা সৃষ্টি করেনি।'

আর তাতেই ৩ ঘন্টা ৩৮মিনিটের লড়াই শেষে উন্মুক্ত যুগের প্রথম পুরুষ হিসেবে ৫০তম সেমিতে না লেখান ১০ বারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী জকোভিচ। এককভাবে সর্বোচ্চ ২৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথেও আরেকধাপ এগোলেন তিনি। সেরা চারে তার লড়াই হবে জার্মানির আলেকজান্ডার ভেরেভের বিপক্ষে। নারীদের সেমিফাইনালে মুখোমুখি হবেন নাম্বার ওয়ান আরিনা সাবালেঙ্কা ও ১১তম বাছাই স্পেনের পাওলা বাদোসা।