শ্রীলঙ্কায় কোরআনচর্চা বাড়াতে সৌদির উদ্যোগ

সৌদি সরকার শ্রীলঙ্কায় কোরআনচর্চা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে গত বছর থেকে ‘জাতীয় কোরআন মুখস্থ প্রতিযোগিতা’-এর আয়োজন করে আসছে।

সম্প্রতি (১৯ জানুয়ারি) শ্রীলঙ্কায় দ্বিতীয়বারের মতো জাতীয় কোরআন মুখস্ত প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয় এবং কলম্বোর সৌদি দূতাবাসের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয় কলম্বোর গল ফেস হল।

এবারের আয়োজনে প্রতিযোগী ছিল প্রায় দুই হাজার। বিচারক প্যানেল ছিল সাত সদস্যবিশিষ্ট। ২০০ জন নারী প্রতিযোগীও অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্যায়ে চারটি বিভাগে ২৪ জনকে বিজয়ী সম্মাননা প্রদান করা হয়। বিজয়ীদের মাঝে দুই লাখ সৌদি রিয়ালের বেশি মূল্যের পুরস্কার বিতরণ করা হয়। শ্রীলঙ্কায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত খালিদ বিন হুমুদ আল-কাহতানি প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এই প্রতিযোগিতা শুধু একটি আয়োজনে সীমাবদ্ধ নয়, বরং এটি সৌদি আরবের আন্তর্জাতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ। তরুণ প্রজন্মকে কোরআন মুখস্থে উৎসাহিত করা এবং কোরআনের শিক্ষা অনুযায়ী জীবনযাপনকে প্রেরণা দেওয়া এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।’

গত বছর সৌদি আরবের উদ্যোগে শ্রীলঙ্কায় এই প্রতিযোগিতা চালু হয়। তরুণ প্রজন্মের মাঝে কোরআনচর্চার প্রতি অনুরাগ সৃষ্টি করতে দ্বিতীয়বারের মতো এটি আয়োজন করে সৌদি সরকার। রাষ্ট্রদূত আল-কাহতানি বলেন, ‘এই প্রতিযোগিতা সৌদি আরব এবং তার বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি একটি আত্মমর্যাদাশীল এবং ইসলামের প্রতি প্রতিশ্রুতিশীল প্রজন্ম গড়ে তোলার কাজ করছে।’

প্রতিযোগিতার ব্যাপকতায় এবার একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। অংশগ্রহণকারীদের প্রতিভা ও উৎসাহ যেমন আয়োজনের সাফল্যের কথা বলে, তেমনই এটি সৌদি আরবের সহায়তা ও উদ্দীপনার একটি বাস্তব উদাহরণ। প্রতিযোগিতাটি শ্রীলঙ্কায় কোরআন মুখস্থের প্রচলন ও বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি